দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনচ্যুত হওয়া আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধারে কাজ শুরু করেছে রেলওয়ের উদ্ধারকারী দল।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
রেলওয়ে পুলিশ ও স্টেশন সূত্র জানায়, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। রেলওয়ের প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেলপথ সচল করতে কাজ করছেন।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লাইনচ্যুত বগিটি সরিয়ে দ্রুত ট্র্যাক চলাচল উপযোগী করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন।
এদিকে, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির ‘ঝ’ বগির একটি চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং অন্তত চারটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
এমএস/